দিনের আলোয় বুরুজপোতা ঢিবির কাছে পৌঁছাতেই মনে হয় সন্ধ্যা নেমে এসেছে।
বিশাল গাব, কাঁঠাল আর বাঁশঝাড়ের ঘন ছায়ায় ঢেকে আছে চারপাশ।
গাছের শিকড় যেন শক্ত করে জড়িয়ে আছে উঁচু মাটির ঢিবিকে।
পাশে ছোট্ট একটি মনসামন্দির।
অথচ এই নীরবতার আড়ালেই আছে কয়েক শ বছরের ইতিহাস।
খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বড়বাড়ি গ্রামের এই বুরুজপোতা ঢিবিকে স্থানীয়রা রাজা প্রতাপাদিত্যের দুর্গের অংশ বলেই চেনেন।
ইতিহাসবিদদের লেখাতেও সেই ইঙ্গিত মিলেছে।
সম্প্রতি প্রত্নতত্ত্ব অধিদপ্তর ঢিবিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণার উদ্যোগ নিলেও জমির মালিকানা–সংক্রান্ত জটিলতায় সেই প্রক্রিয়া অনিশ্চয়তায় পড়েছে।
