পদ্মা, মেঘনা, কীর্তিনাশাসহ নদ-নদীবিধৌত অঞ্চল শরীয়তপুরে প্রায় ৩০ হাজার জেলে আছেন, যাঁরা মাছ ধরেই তাঁদের জীবিকা নির্বাহ করেন।
সেখানকার নদ-নদীসহ অন্যান্য প্লাবনভূমি থেকে যে মাছ ধরা হয়, সেটা চলে আসে স্থানীয় ও ঢাকার বাজারে।
কিন্তু চায়না দুয়ারি নামে ধ্বংসাত্মক জাল ব্যবহারের কারণে মাছের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
প্রথম আলো সম্প্রতি শরীয়তপুর জেলার নদ-নদী ও খালে চায়না দুয়ারি ব্যবহারের যে চিত্র তুলে এনেছে, তা রীতিমতো উদ্বেগজনক।
স্থানীয় জেলেরা তাঁদের জীবন ও জীবিকার হুমকির কথা বলছেন।
ঝড়বৃষ্টি উপেক্ষা করে জীবিকার তাগিদে তাঁরা যে নদীতে যান, সেই নদীতে এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না।
চায়না দুয়ারিতে মাছের পোনা ও ডিমওয়ালা মাছ ধরা পড়ায় সামগ্রিক মাছ উৎপাদনই ব্যাহত হচ্ছে।
নদীর পাশাপাশি খাল ও ছোট জলাশয়ে এসব জাল ব্যবহার করার ফলে মাছের প্রজননক্ষেত্রও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
