এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট।
সরকারের আশা, এই পথে আবার ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশ–জাপানের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা ও জনসম্পর্ক আরও শক্তিশালী হবে।
গতকাল রোববার দিবাগত রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা–নারিতা পথের সরাসরি ফ্লাইট আবার চালুর উদ্বোধনী অনুষ্ঠান হয়।
পাশাপাশি ফিরতিসহ পরের ফ্লাইটগুলোর বুকিংও হয়।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, ভবিষ্যতে এ পথে ফ্লাইট আর বন্ধ করার প্রশ্নই আসে না।
এবার এই পথের ফ্লাইট লাভজনক হবে বলে আশা করেন তিনি।
ঢাকা–নারিতা পথের ফ্লাইট আবার চালুর হওয়ায় জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
‘মিট অ্যান্ড গ্রিট’ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ঢাকা–নারিতা ফ্লাইট আবার চালু হওয়াটা সম্মিলিত প্রচেষ্টার ফল।
